এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে দুর্দান্ত ছন্দ ধরে রেখেছে বাংলাদেশ কিশোর দল। চীনের ইয়ংচুয়ান স্পোর্টস সেন্টারে দ্বিতীয় ম্যাচে ব্রুনেইকে ৮-০ ব্যবধানে হারিয়ে টানা দুই জয় তুলে নিয়েছে তারা। এর আগে প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫-০ গোলে হারিয়েছিল বাংলাদেশ দল।
ব্রুনেইর বিপক্ষে প্রথমার্ধেই ৪ গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। বিরতির পর আরও ৪ গোল যোগ করে বড় ব্যবধান নিশ্চিত করে কিশোররা। রিফাত কাজী ও অপু রহমান করেছেন দুটি করে গোল। মানিক, আলিফ, নাজমুল ও বায়েজিদ করেছেন একটি করে।
বাছাইয়ে ছয় দলের গ্রুপে বাংলাদেশের পরের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর অপেক্ষায় থাকবে বাহরাইন ও চীন। গ্রুপের শীর্ষে থাকলে আগামী বছরে সৌদি আরবে অনুষ্ঠেয় মূলপর্বে খেলার সুযোগ মিলবে।
১৬ দল নিয়ে হবে এশিয়ান কাপের মূলপর্ব। ইতোমধ্যে ৯ দল স্থান নিশ্চিত করেছে, বাকি সাত দল উঠবে বাছাই পর্ব থেকে। অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-১৬ মিলিয়ে বাংলাদেশ আগে ছয়বার মূলপর্বে খেললেও কখনো গ্রুপ পর্ব পেরোতে পারেনি। এবার সেই বাধা ভাঙার লক্ষ্য নিয়েই এগোচ্ছে লাল সবুজের কিশোররা।
Leave a Reply