ফরিদুল আলম ফরিদ: গাইবান্ধার পলাশবাড়ীতে দলীয় রাজনীতিতে সক্রিয় নাম অরজিনা পারভিন চাদনী। তিনি জিয়া শিশু-কিশোর সংগঠনের কেন্দ্রীয় পরিষদের সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের পলাশবাড়ী থানা সভাপতি এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) গুলশান থানা সভাপতির দায়িত্বে রয়েছেন।
দলীয় সূত্র জানায়, গত ১৭ বছরে বিভিন্ন রাজনৈতিক প্রতিকূলতার মধ্যেও তিনি সাংগঠনিক কার্যক্রম চালিয়ে গেছেন। স্থানীয়দের দাবি, রাজনৈতিক চাপের সময়েও তিনি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন এবং কর্মীদের সমন্বয় বজায় রাখেন।
জুলাই-আগস্টের গণআন্দোলনের সময় পলাশবাড়ীতে মহিলা দলের কার্যক্রমে তিনি নেতৃত্ব দেন বলে জানান স্থানীয় নেতাকর্মীরা। তাঁদের মতে, এ সময় মাঠপর্যায়ে তাঁর সক্রিয় উপস্থিতি তাঁকে এলাকায় পরিচিত করে তোলে।
পলাশবাড়ীর বাসিন্দা আমজাদ হোসেন বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রেখেছেন। সংসদে গেলে গাইবান্ধার সমস্যা তুলে ধরতে পারবেন।
এ বিষয়ে অরজিনা পারভিন চাদনী বলেন, গত ১৭ বছর দলীয় কর্মকাণ্ড পরিচালনার সময় নানা বাধা ও চাপের মুখে পড়েছি। তবু আমি দলের আদর্শ থেকে সরে যাইনি। নেতা–কর্মীদের পাশে থাকার চেষ্টা করেছি এবং সব সময় সাংগঠনিক সিদ্ধান্ত মেনে চলেছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল গণমানুষের প্রতিনিধিত্বকারী একটি রাজনৈতিক দল। দলের নেতৃত্ব আমাকে যে দায়িত্ব দেবে, তা নিষ্ঠার সঙ্গে পালন করব।
রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, তৃণমূল অভিজ্ঞতা জাতীয় রাজনীতিতে যুক্ত হলে স্থানীয় বাস্তবতা আরও গুরুত্ব পেতে পারে।