জনপ্রিয় সাংবাদিক ও উপস্থাপক মঞ্জুরুল করিম শুরু করেছেন নতুন কনটেন্ট প্ল্যাটফর্ম ‘প্রবাস কথা’। প্রবাসীদের জীবনের না–বলা গল্প, ত্যাগ, কষ্ট আর স্বপ্নকে কেন্দ্র করেই এই উদ্যোগের সূচনা।
প্রথম কনটেন্টটির দৈর্ঘ্য ৪ মিনিট ১ সেকেন্ড। এতে দেখা যায়, বিয়ের মাত্র এক বছরের মাথায় দেলোয়ার নামের এক যুবক জীবিকার তাগিদে বিদেশ পাড়ি দেন। বিমানবন্দরে বাবা-মা, নববধূ ও স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ। বিদায়ের মুহূর্তে দেলোয়ারের চোখেও জল, কিন্তু জীবনের বাস্তবতা তাকে থামতে দেয় না। পরিবারের মুখে হাসি ফিরিয়ে আনার স্বপ্নেই সে যাত্রা করে অজানার পথে।
ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন প্রতিক্রিয়ার ঝড় ওঠে। দর্শকদের বেশিরভাগই ‘স্যাড রিয়েকশন’ দিয়ে তাঁদের মনের অনুভূতি প্রকাশ করেছেন। অনেকে মন্তব্য করেছেন, এ যেন আমাদের পরিবারের গল্প, বিদেশ যাওয়া কষ্টের নাম।
মঞ্জুরুল করিম এর আগে অনুসন্ধানী অনুষ্ঠান ‘তালাশ’-এর মাধ্যমে দেশের মানুষের ভালোবাসা অর্জন করেছিলেন। বাস্তব গল্প উপস্থাপনের দক্ষতা তাঁকে আলাদা মর্যাদা এনে দিয়েছে।
নতুন উদ্যোগ ‘প্রবাস কথা’ দিয়ে তিনি আবারও সাধারণ মানুষের হৃদয়ে আবারও নতুন করে ফিরছেন। প্রবাসীদের জীবনযুদ্ধ, ভালোবাসা, বিচ্ছেদ ও প্রত্যাশার বাস্তবচিত্র তুলে ধরে এই প্ল্যাটফর্ম দর্শকদের আলোচনায় আসবে বলে তার ভক্তরা মনে করছে।
Leave a Reply